মেট্রো স্টেশন থেকে ১৭০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অভিযান চালিয়ে ১ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামাল মোল্যা (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এমআরটি পুলিশের সহায়তায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে এ অভিযান চালানো হয়। পরে রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে জামাল মোল্যাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার জামাল মোল্যার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



