দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে থাকবে ছাত্রদল: কাজী জিয়াউদ্দিন বাসিত

দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, ধর্মীয় চর্চা ও মানবিক বিকাশে পাশে থাকার অঙ্গীকার করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের দৃষ্টিপ্রতিবন্ধী শিশু ও মানুষকে পবিত্র কোরআন শেখানো এবং হাফেজ হিসেবে গড়ে তোলার মতো মহৎ উদ্যোগের পাশে ছাত্রদল সব সময় থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে রাজধানীর ডেমরা এলাকার মদিনাতুল উলূম দৃষ্টিপ্রতিবন্ধী এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী কুরআনের হাফেজ শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল পদ্ধতির কোরআন শরিফ ও সাদাছড়ি বিতরণ করা হয়। পাশাপাশি হাফেজদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এমন মহৎ উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পারা আনন্দের বিষয়। এই প্রতিষ্ঠানের অনেকেই পৃথিবীর আলো দেখতে পান না। কিন্তু তাদের প্রতিভা, অধ্যবসায় ও ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহ অনন্য। তাদের উৎসাহ ও সাহস জোগাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, ছাত্ররাজনীতির মাধ্যমে দেশের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও নেতৃত্বের যে শিক্ষা অর্জিত হয়, তা কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় ছাত্রদল। দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো আপাতদৃষ্টিতে ছোট উদ্যোগ হলেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের সাফল্যের কথা তুলে ধরে ছাত্রদলের এই নেতা বলেন, এ প্রতিষ্ঠানের একজন হাফেজকে এর আগে ব্রেইল কুরআন উপহার দেওয়া হয়েছিল। তিনি দেশের বাইরে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করেছেন। অনুষ্ঠানে একজন হাফেজের সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত এবং আরেকজনের সুন্দরভাবে আয়াত লিখে দেওয়ার বিষয়টিও তাকে মুগ্ধ করেছে। এখানকার কয়েকজন হাফেজ আন্তর্জাতিক পর্যায়েও অংশ নিয়েছেন।
কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তাঁদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যেন নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন এবং দেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন, সে পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহ-মমতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনার আলোকে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চায় ছাত্রদল। আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধ ধারণকারী মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রতিষ্ঠানটির সঙ্গে ছাত্রদলের ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, তারা সব সময় এই প্রতিষ্ঠানের পাশে থাকতে চান। এ জন্য তিনি মহান আল্লাহর কাছে তৌফিক ও যোগ্যতা কামনা করেন।
এ সময় তিনি মদিনাতুল উলূম মাদ্রাসার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রতিষ্ঠানটির প্রধান আজাদ সাহেবের দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যেন দীর্ঘদিন ধরে দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা ও সেবায় অবদান রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
