ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে কর্মরত যশোর জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। হরেক রকমের দেশীয় ফলের সমাহারে উৎসবটি সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আম, কাঁঠাল, আমলকী, আনারসসহ হরেক রকমের রসালো দেশীয় ফলের সুবাসে জমে ওঠে পুরো আয়োজন।

যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও জিটিভির বিশেষ প্রতিনিধি মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, জ্যেষ্ঠ সাংবাদিক রাশেদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া ফল উৎসব কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাবেক কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ এবং সদস্য সচিব হাসান ওয়ালীসহ শতাধিক গণমাধ্যমকর্মী উৎসবে শামিল হন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল বলেন, ‘যশোর সাংবাদিক ফোরাম আমাদের প্রাণের সংগঠন। আমাদের এই যাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাক। ঢাকায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে যশোর থেকে আসা নবীন সাংবাদিকরা কখনোই নিজেদের অভিভাবকহীন মনে করবেন না।’ এ সময় তিনি রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সবার প্রতি আহ্বান জানান।

ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী বলেন, ‘আমাদের এই পথচলা সুন্দর ও সার্থক হোক। একে অপরের পাশে দাঁড়ানোসহ সবার মধ্যে সুসম্পর্কের এক দৃঢ় বন্ধন গড়ে উঠুক।’ এ ছাড়া বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে সরকার ও যশোরের সাংবাদিকদের মধ্যে অতি দ্রুত একটি মতবিনিময় সভা আয়োজনের পরামর্শ দেন তিনি।

সভাপতির বক্তব্যে যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়ক মাহমুদ সোহেল উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উৎসবে যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, রকি আহমেদ, এফএ সাহেদ, মুতাসিম বিল্লাহ, জয়নাল আবেদীন, রুমান হাসান তামিম, পলিয়ার ওয়াহিদ, ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।