logo

জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুলাই যোদ্ধা রীপা গোমেজের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
জুলাই যোদ্ধা রীপা ফ্রান্সিসকো গোমেজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এরই ধারাবাহিকতায় রাজধানীর মধ্যবাড্ডার বাজারগলি এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রীপা গোমেজের বাসায় যান। প্রতিনিধিদলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তার ডান চোখের কোটরে এবং একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। বর্তমানে নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।