‘পিস্তল বাবু’ পরিচয়ে দিনদুপুরে পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় ‘পিস্তল বাবু’ পরিচয়ে প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে একটি ডেভেলপার কোম্পানির দুই লাখ এক হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের লেকসংলগ্ন একটি কফি শপের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টাকাগুলো ‘নূর নাফি ডেভেলপারস লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের। সেগুলো রিকশায় করে নিয়ে যাচ্ছিলেন ওই কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী নাদিম আহমেদ সুজন এশিয়া পোস্টকে বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টরের দুই নম্বর সড়কের অফিস থেকে বের হয়ে রিকশায় করে হাউজ বিল্ডিংয়ের জনতা ব্যাংকে যাচ্ছিলাম। ওই সময় প্যান্টের বাম পকেটে খামে রাখা দুই লাখ এক হাজার টাকা ছিল। পথিমধ্যে ১১ নম্বর সেক্টরের লেকে পৌঁছামাত্রই পিছন থেকে একটি রিকশায় করে একজন ডেকে বলেন— কেমন আছেন? তখন আমি মনে করেছিলাম, হয়তো তিনি আমাকে চেনেন।
তিনি আরও বলেন, পরে আমাকে বলেন— আপনি বাবুল ভাই না? তখন আমি বলি— না, আমি বাবুল না। এরপর তিনি বলেন— আমাকে চেনেন, আমি পিস্তল বাবু। ওই সময় তার হাতে একটি পিস্তলও ছিল।
সুজন বলেন, তখন আমি তাকে বলি— ভাই আমি কী করতে পারি? তখন সে বলে, বোঝেন না? আমি গুলি-টুলি করে দিই। এখানে যা দেখতাছেন, সব আমার লোক। সঙ্গে সঙ্গে দেখি চারপাশ থেকে দুই-তিনজন চলে আসছে। পরে পিস্তল ঠেকিয়ে বলে— যদি জানের ভয় থাকে, টাকা-পয়সা দিয়ে দে। তখন আমি বলি, ভাই আমি তো অফিসে চাকরি করি, আমাকে এই বিপদে ফেলা ঠিক হবে কি? এ সময় বাম পাশ থেকে আরেকজন পকেট থেকে টাকাগুলো নিয়ে নেয়। তারপর আমাকে বলে, চুপচাপ চলে যা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, 'পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের বিষয়টি শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সেই সঙ্গে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।'
অপরদিকে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



