logo

পুড়িয়ে ফেলা হলো ফারজানার শোরুমের নকল পণ্য

পুড়িয়ে ফেলা হলো ফারজানার শোরুমের নকল পণ্য

সমালোচিত ব্রান্ড প্রোমোটর ফারজানা ইসলামের শোরুম থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নকল পণ্য পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ‘ফারজানা কসমেটিক্স’-এ অভিযান চালিয়ে এসব কসমেটিক্স জব্দ করার পর রাতে পুড়িয়ে ফেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

এদিকে অভিযানের পর ফারজানা ইসলাম ফেসবুকে ‘মেক আপ ইট বাই ফারাজানা’ নামের পেজে লাইভে এসে তার শোরুমে কোনো নকল পণ্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন। তবে র‌্যাবের বিজ্ঞপ্তিতে তার নকল পণ্যের বিষয়টি আগেই নিশ্চিত করা হয়। 

অভিযান শেষে র‍্যাব-২ এর অধিনায়ক খালেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শোরুমটিতে অভিযান চালায়। প্রাথমিক যাচাইয়ে দেখেছি, জনপ্রিয় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নিম্নমানের পণ্য বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শোরুম সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফারজানা ইসলাম দীর্ঘদিন ধরে ব্রান্ড প্রোমোটর হিসেবে ফেসবুক লাইভ করে আসছেন। এরই ধারাবাহিকতায় নিজেও ‘ফারজানা কসমেটিক্স’ নামে শোরুম প্রতিষ্ঠা করেন। ফেসবুকে তার জনপ্রিয়তার কারণে অনেক ভোক্তা এই শোরুম থেকে পণ্য কিনে থাকেন। তবে তার শোরুমে নকল পণ্য বিক্রি করা হয় বলে অভিযোগ ছিল।