রাজধানীতে জামায়াতের মিছিলে বিএনপির হামলার অভিযোগ

রাজধানীর গুলিস্তানে জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের মিছিলে হামলার ঘটনা ঘটে।
জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করে বলেন, ‘বিএনপি’র কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ। আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।’
এ বিষয়ে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় একটি সমবায় মার্কেটে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের সমন্বয়ে একটি কমিটি গঠন হয়। এই কমিটির প্রতিবাদে সম্প্রতি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করে। এদিকে বিএনপির লোকজন মার্কেট দখল করেছে এমন খবরে জামায়াতের লোকজন মার্কেট এলাকায় এসে অবস্থান নেয়। একইসময়ে বিএনপির আওয়ামী লীগ বিরোধী একটি মিছিল ওই মার্কেট এলাকা হয়ে যাওয়ার সময় উপস্থিত জামায়াত নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তবে আগে থেকেই মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতি থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে আছে।





