যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১৭ মে) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মনির হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রুস্তমপুর গ্রামে। তিনি মৃত হাসান আলীর ছেলে। বর্তমানে রাজধানীর ডেমরার পশ্চিম ডগাই এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাই মো. মইনুদ্দিন জানান, মনির হোসেন সেনেটারি মিস্ত্রির কাজ করতেন। রাত পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর আসমানী পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
