রাজধানীর সড়কে মারামারি করায় দুই প্রাইভেটকারচালক আটক

রাজধানীর ধানমন্ডিতে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে মারামারির ঘটনায় অভিযান চালিয়ে জহির ও মো. সাইফুল নামের দুই প্রাইভেটকারচালককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ধানমন্ডি জোন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির জানায়, সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানাধীন ছায়ানটের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকারচালকের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। প্রকাশ্য সড়কে দুই চালকের এ সংঘর্ষে আশপাশে উপস্থিত পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলেও বিঘ্ন ঘটে।
মারামারির একপর্যায়ে একজন চালক আহত হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ট্রাফিক বক্সের কাছে গিয়ে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুই চালককে তাদের ব্যবহৃত দুটি প্রাইভেটকার এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ আটক করা হয়।
ট্রাফিক পুলিশ জানায়, ঘটনার পর দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



