ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ুদূষণের শীর্ষে জাকার্তা

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে রাজধানী ঢাকা রয়েছে ২১তম অবস্থানে। বর্তমানে ঢাকার বায়ুর মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৭টা থেকে ৮টার লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৮২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে জাকার্তা। এই স্কোরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৬০। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৫৬। এ দুটি শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
এরপরের অবস্থানগুলোতে রয়েছে চিলির সান্তিয়াগো (১৪১), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৯), ইসরায়েলের তেল আবিব-ইয়াফো (১২০), চীনের চেংদু (১১৯), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১১৫), কঙ্গোর কিনশাসা (১০৭) ও ইসরায়েলের জেরুজালেম (১০৪)।
একিউআই মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ ও ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।





