ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টার গ্রেপ্তার ৪৩৬

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টার গ্রেপ্তার ৪৩৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তা্রকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৬ জন, লালবাগ বিভাগ থেকে ৩১ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৫৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পাঁচ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১১ হাজার ১২৭ পিস ইয়াবা, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩ দশমিক ৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ সিরাপ, ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি সাউন্ড বক্স, একটি কাটিং প্লায়ার্স, একটি প্লাস্টিকের কাঁচি, একটি কলকি, ২২টি মোবাইল ফোন, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, একটি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড এবং ১৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।