logo

বনানীতে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু

বনানীতে দগ্ধ ফিলিপাইনি নারীর মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজধানীর বনানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ক্রিস্টিন ভার (৩৩) নামে এক ফিলিপাইনি নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ২৮ অক্টোবর রাতে বনানীর ৭ নম্বর রোডের ব্লক-বি/১ এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে গেলে দগ্ধ হন ক্রিস্টিন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ম্যানেজার মোহাম্মদ আল আমিন জানান, রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালানোর সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন আরও জানান, গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ক্রিস্টিন ভার। এরপর বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার (ব্লক-বি/১) একটি ফ্ল্যাটে ওঠেন তিনি।

আজিনা মটো কোম্পানির সিইও জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকি জানান, ক্রিস্টিন ভার তার বান্ধবী ছিলেন। তারা দুজন গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসে ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, বনানীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে এক ফিলিপাইনি নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বনানী থেকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ওই ফিলিপাইনি নারী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।