logo

দাবি আদায়ে ফের মাঠে নামছেন শিক্ষার্থীরা, যানজটের শঙ্কা

দাবি আদায়ে ফের মাঠে নামছেন শিক্ষার্থীরা, যানজটের শঙ্কা

দাবি আদায় করতে টানা চার দিনের কর্মসূচি নিয়ে আজ থেকে ফের ঢাকার সড়কে নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে রাজধানীতে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক এই কর্মসূচি পালন করবে তারা। 

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আজ সকাল সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ উন্মোচনের মধ্য দিয়ে  এই কর্মসূচি শুরু করবে তারা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার শিক্ষার্থীরা জানান, ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচি  ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।  সায়েন্স ল্যাবের পাশাপাশি সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। 

এসব মঞ্চ থেকে রাজনৈতিক নেতারা, শিক্ষাবিদ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষার্থীরা। পাশাপাশি দেশবাসীর কাছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির যৌক্তিকতা তুলে ধরবেন।

টানা তিন দিন এই কর্মসূচি পালনের পর ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ মঞ্চ ও ক্যাম্পাসভিত্তিক অধ্যাদেশ মঞ্চ নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে এসে জমায়েত করবেন।

শিক্ষার্থীরা জানান, আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় যদি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এবং গেজেট প্রকাশিত হয়— তাহলে সায়েন্স ল্যাবের গণজমায়েত থেকে কৃতজ্ঞতা জানিয়ে বিজয় মিছিল আয়োজন করা হবে। 

তবে কোনো কারণে অধ্যাদেশের অনুমোদন বা গেজেট প্রকাশে ব্যত্যয় ঘটলে গণজমায়েত থেকেই যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার জানায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করে ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে সরকার।