Advertisement

নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা

এশিয়া পোস্ট প্রতিবেদক
নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা
নূর ইসলামকে আর্থিক সহায়তা দেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে। ছবি: সংগৃহীত

হাঁপানি রোগে আক্রান্তের পর ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়েছেন নূর ইসলাম। মাত্র ছয় মাসের মাথায় ভেঙে যায় সংসার, চলে যান স্ত্রী। এরপর আর নিজের বলে কোনো ঘর থাকেনি। আশ্রয় হয় একটি মসজিদে। খাবারের জন্য নির্ভর করতে হয় মানুষের ওপর। এমন অসহায় জীবন কাটানো নূর ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নূর ইসলামকে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

জানা যায়, দীর্ঘদিন ধরে চোখের জটিল সমস্যায় ভুগছিলেন নূর ইসলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। কিন্তু অর্থাভাবে সম্ভব হচ্ছিল না। শেষ আশ্রয় হিসেবে তিনি ঢাকার জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন। আবেদন পেয়ে তার চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নূর ইসলামের স্থায়ী বসবাসের জায়গা নেই। তিনি একটি মসজিদে থাকেন। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন পরিস্থিতিতে তার চিকিৎসার ব্যয় বহন করা ছিল একেবারেই অসম্ভব।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। নূর ইসলামের মতো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পারলে সেটিই আমাদের সার্থকতা। মানবিক রাষ্ট্র গঠনে জেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে।’

আর্থিক সহায়তা পেয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নূর ইসলাম। তিনি বলেন, চোখের চিকিৎসার আশা ছেড়েই দিয়েছিলাম। জেলা প্রশাসক ম্যাডাম আমাকে সাহায্য করেছেন। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।’