কদমতলীতে ‘চুরি করতে গিয়ে’ কার্নিশ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর এলাকায় একটি বাসার তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম নামের ৩৭ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, চুরি করতে গিয়ে তিনতলা ভবনের কার্নিশ থেকে পড়ে তার মৃত্যু হয়।
শনিবার (১৫ আগস্ট) সকালে এই মৃত্যুর ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে পুলিশ মুরাদপুর এলাকার একটি বাসার সামনের পাকা রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় সেলিমের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী সকাল সাড়ে ৬টার দিকে মুরাদপুরের সাত্তার মিয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে তিনতলায় ওঠার চেষ্টা করেন সেলিম। এ সময় তিনি কার্নিশ থেকে নিচে পড়ে যান এবং মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এসআই কবির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
নিহত সেলিম কুমিল্লা জেলার তিতাস উপজেলার মৃত হালিম মিয়ার ছেলে। তিনি রাজধানীর কদমতলীর উত্তর মুরাদপুর এলাকার একটি বাসায় পালিত বাবা আনোয়ার মিয়া ও পালিত মা রাবেয়ার সঙ্গে বসবাস করতেন।


