ধানমন্ডিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে মিনা বাজারের সামনে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন।
জানা গেছে, নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য একত্রিত হয়ে এই ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।
তবে এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
