logo

আজিমপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক

আজিমপুরে বাসে আগুন দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন যুবক
আমিনুল ইসলাম শাওন নামের ওই যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ছবি: ডিএমপি

রাজধানীর আজিমপুরে একটি ভিআইপি বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় আমিনুল ইসলাম শাওন (৪০) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন শাওন। বিষয়টি বাসের কর্মী ও স্থানীয় লোকজনের নজরে পড়লে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

একই সময়ে টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে শাওনকে হাতেনাতে আটক করেন।

আটকের পর উত্তেজিত জনতা তাকে মারধর করলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হন তিনি। পরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।