‘মন্ত্রী হলো অটো পাস, করে শুধু প্রশ্নফাঁস’ স্লোগানে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও করেছে জাতীয় যুবশক্তি। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কার্যালয়ের সামনে পুলিশি ব্যারিকেড বসিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১১ অক্টোবর) আন্দোলনকারীরা সেখানে ‘মন্ত্রী হলো অটো পাস, করে শুধু প্রশ্নফাঁস' এ ছাড়াও ‘কোটার মন্ত্রী করে কী, প্রশ্নফাঁসের কারসাজি’ ইত্যাদি নানা বিক্ষুব্ধ স্লোগান দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান করছে।
মূলত শনিবার (১০ অক্টোবর) প্রশ্নফাঁসের ঘটনায় তারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে দায়ী করে এ ধরনের বিক্ষুব্ধ স্লোগান দিচ্ছেন।
কর্মসূচিকে ঘিরে মতিঝিলের ব্যাংক পাড়া ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা উৎকণ্ঠা ও কৌতূহল দেখা গেছে। তবে ওই এলাকায় যানবাহন চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
পরীক্ষার্থী ও জাতীয় যুবশক্তির প্রধান ৫ দফা দাবি—
১. যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুলের পদত্যাগ।
২. প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা।
৩. নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
৪. ভেরিফিকেশনের নামে হয়রানি এবং ভাইভার নম্বর নিয়ে কারসাজি বন্ধ করা।
৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ।
যুবশক্তির নেতাদের অভিযোগ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পেছনে শক্তিশালী একটি সিন্ডিকেট জড়িত। অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের।
