ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিএমপির ব্যাপক প্রস্তুতি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী থেকে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও চাঁদামুক্ত রাখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ লক্ষ্যে বুধবার (১১ মার্চ) রাজধানীতে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই দিনে ডিএমপি সদর দপ্তরে ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাখালী বাস টার্মিনালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম। মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবহন মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঈদ উপলক্ষে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়কে নজরদারি জোরদার করা হবে এবং চাঁদাবাজি বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ঈদ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
সভায় তিনি বলেন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদ্যাপন নিশ্চিত করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে বিভিন্ন লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।
সভায় তিনি সংশ্লিষ্ট সংস্থার ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট পরিচালনা জোরদারের আহ্বান জানান। একই সঙ্গে রাজধানীতে পুলিশের সক্রিয় অভিযানের ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কমে এসেছে বলেও উল্লেখ করেন।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, পরিবহন সংশ্লিষ্ট সংগঠন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।