রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

রাজধানীর উত্তরার মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঢাকা মেট্রো চ ১৩-৫৮৯১ নম্বরের মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে রেকারের মাধ্যমে থানায় নিয়ে যায় পুলিশ।
দুর্ঘটনার সময় বিএনএস সেন্টার এলাকায় অটোরিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন মোহাম্মদ রাজু। তিনি এশিয়া পোস্টকে বলেন, বিআরটি উড়াল সেতু থেকে ট্রাক ও মাইক্রোবাসটি নামছিল। সেতু থেকে নামা মাত্রই ট্রাকটি বাম পাশের রং রোড দিয়ে ইউটার্ন করে। অপরদিকে মাইক্রোবাসটির সামনে আরেকটি গাড়ি ছিল। ওই গাড়িটি বাঁচাতে গিয়ে মাইক্রোবাসচালক ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
রাজু বলেন, ওই মাইক্রোবাসে ছয়জন যাত্রী ছিল। তাদের মধ্যে একটি লোকের সামনের দাত ভেঙে গেছে। সামনের সিটে থাকা ছেলের পা ভেঙে গেছে। আরেক নারীও আহত হয়েছে। আমরা ছেলেটিকে ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে ফায়ার সার্ভিস এসে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
দুর্ঘটনার বিষয়ে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আমীর খসরু এশিয়া পোস্টকে বলেন, আমরা এই এলাকায় ডিউটি করছিলাম। ওই সময় রোড এক্সিডেন্টের খবর পেয়ে এসেছি। যতটুকু শুনেছি একটা ট্রাক মাইক্রোবাসটিকে মেরে দিয়েছে।
তিনি বলেন, মাইক্রোবাসের সামনে একটি বাচ্চা ছিল। বাচ্চাটির পা মনে হয় ভেঙে গেছে। গাড়িটিতে চার-পাঁচজন যাত্রী ছিল। তাদের দুয়েকজন আহত হয়েছেন। বাচ্চাটিকে আমরা চেষ্টা করে বাইর করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস এসে বাচ্চাটিকে উদ্ধার করে।
দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকার দিয়ে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে জানিয়ে আমির খসরু বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

