গুলশান-বনানী-বারিধারায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোড এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক কাজ করার সময় তিতাস গ্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে এক জরুরি বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, এ ঘটনায় সম্ভাব্য দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য ভালভ বন্ধ রাখা হয়েছে।
এর ফলে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। এ কারণে সৃষ্ট সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।