logo

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে ডিবি হেফাজতে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের এমপি মান্নানের ছেলে ডিবি হেফাজতে
খায়রুল ইসলাম সজীব। ছবি : সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

খায়রুল ইসলাম সজীব জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পর এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে নেওয়া হয়।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদীর কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। আরও তথ্য সংগ্রহের জন্য তাকে ঢাকায় ডিএমপির হেফাজতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে অভিযোগের নির্দিষ্ট বিষয় প্রকাশ করা সম্ভব নয়। বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেওয়া ও পরবর্তী জিজ্ঞাসাবাদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।