তুরাগে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর তুরাগের ইয়াবাসহ মো. সুজন (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) বিকেলে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তুরাগের আহালিয়া মাঠ সংলগ্ন এলাকা থেকে শনিবার (২০ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারি হলেন— তুরাগের আহালিয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আহালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১৪৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৮শত টাকা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজ (রোববার) আদালতে পাঠানো হয়েছে।






