Advertisement

‘বন্ধ ঘরে জমে ছিল গ্যাস, আগুন জ্বালাতেই বিস্ফোরণ’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘বন্ধ ঘরে জমে ছিল গ্যাস, আগুন জ্বালাতেই বিস্ফোরণ’
ছবি: এশিয়া পোস্ট

গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ ঘরে গ্যাস জমা হয়েছিল। পরে রান্না করার জন্য আগুন জ্বালাতে গেলেই রাজধানীর উত্তরখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা, মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ জুন) রাতে এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

এর আগে, শনিবার সকাল ৬টার দিকে উত্তরখানের দোবাদিয়া কড়ইটেক এলাকার আলী হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আলী হোসেন (৫৫), তার স্ত্রী হাসনা হেনা (৪৫) ও তাদের মেয়ে আঁখি (২৮) দগ্ধ হন।

ওসি হাবিবুর রহমান বলেন, গ্যাসের লাইন লিকেজ হয়ে বসতঘরে গ্যাস জমা হয়। পরবর্তীতে বাড়ির মালিকের স্ত্রী রান্না করার জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে বাবা, মা ও মেয়ে দগ্ধ হন। পরে তাদের আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি রান্নাঘর থেকে বেডরুমে ছড়িয়ে পড়ে। এতে ঘরের ফার্নিচার, লেপ, তোশক-বালিশসহ অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে যায়।

দগ্ধদের বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, তার স্ত্রী হাসনা হেনার শরীরের ৬০ শতাংশ এবং মেয়ে আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) চিকিৎসাধীন রয়েছেন।