logo

মাটির পাত্রে লুকিয়ে আড়াই কেজি স্বর্ণ পাচারের চেষ্টা চীনা নাগরিকের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
মাটির পাত্রে লুকিয়ে আড়াই কেজি স্বর্ণ পাচারের চেষ্টা চীনা নাগরিকের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটির পাত্রের ভেতর থেকে আনুমানিক ২ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেন দায়িত্বরত আনসার সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাটির তৈরি পাত্রের ভেতর রাসায়নিকের সঙ্গে লুকিয়ে রাখা আনুমানিক ২ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা। এ ঘটনায় এক চীনা নাগরিকের কাছ থেকে পাঁচটি মাটির পাত্র জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় এ ঘটনা ঘটে।

পরবর্তীতে রোববার রাতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব।

তিনি জানান, চীন থেকে আসা ওই চীনা নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি মাটির তৈরি পাত্রে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকানো ছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করেন। পরে তারা পাত্রগুলো উদ্ধার করে কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমানকে জানান।

পিসি আনিসুর রহমান বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা পাত্রগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

আনসার কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাত্রগুলো আগুনে পুড়িয়ে পরীক্ষা করে। এতে পাঁচটি স্বর্ণের বার/বিস্কুট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আনুমানিক ২ দশমিক ৫ কেজি, যা প্রায় ২১৫ ভরি বলে জানিয়েছে আনসার।

মাটির পাত্রের ভেতর রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে পাচারের এ কৌশল আনসার সদস্যদের তৎপরতায় শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন আনসারের এই কর্মকর্তা।