logo

মদ-গাঁজা-হেরোইনসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার

মদ-গাঁজা-হেরোইনসহ ১৫ মামলার আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থেকে মদ, গাঁজা ও হেরোইনসহ ১৫ মামলার পলাতক আসামি মো. খোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) খিলক্ষেতের পাতিরার বালুর চক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২ কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন এশিয়া পোস্টকে বলেন, পাতিরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারি খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে চোলাই মদ, গাঁজা ও হেরোইন জব্দ করা হয়েছে।

ওসি সোহরাব বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে খিলক্ষেতসহ বিভিন্ন থানায় ১৫ মামলা রয়েছে। সেসব মামলার বেশির ভাগই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে খিলক্ষেত ও আশপাশ এলাকায় মাদক কারবার করে আসছিল খোরশেদ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।