logo

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে : ফায়ার সার্ভিস
ছবি : সংগৃহীত

মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে বলে জানানো হয়। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লে. কর্নেল আজাদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র‌্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশা করি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাতটি এবং আরও পরে ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এশিয়া পোস্টকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এখন ১৩টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদের বেগ পেতে হচ্ছে। কারণ সেখানে পানির স্বল্পতা দেখা দিয়েছে। ইতোমধ্যে পানির জন্য ওয়াসাকে জানানো হয়েছে। তারা পানি নিয়ে আসছে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে বস্তি এলাকায় আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন যাতে পার্শ্ববর্তী এলাকাগুলোয় ছড়িয়ে না পড়ে, সে জন্য চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।