ব্যবসায়ীর বাড়ির পর এবার গাড়ি লক্ষ্য করে গুলি

এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্যবসায়ীর বাড়ির পর এবার গাড়ি লক্ষ্য করে গুলি
ছবি : এশিয়া পোস্ট

রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। পরে আত্মরক্ষার্থে ওই ব্যবসায়ীর দেহরক্ষীও পাল্টা গুলি চালিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এশিয়া পোস্টকে রোববার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিয়াবাড়ির বউ বাজার এলাকায় রোববার (৫ জুন) সকাল সোয়া ৯টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ব্যবসায়ী আবুল কাশেম হলেন, একেএসবি গ্রুপের মহাব্যবস্থাপক (এমডি)। খোঁজখবর নিয়ে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই ব্যবসায়ীর বাড়িতে গত ১০ মার্চ ও ২৩ মে দুবার মোটরসাইকেলে এসে হেলমেটধারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। এবারও একই কায়দায় ওই ব্যবসায়ীর গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা।

দিয়াবাড়ির বাসিন্দা ও গোয়েন্দা সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছেন, উত্তরার বাসা থেকে ব্যক্তিগত গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ব্যবসায়ী আবুল কাশেম। ল্যান্ড ক্রুজার গাড়িতে ব্যবসায়ী কাশেম, তার দেহরক্ষী ও গাড়িচালক ছিলেন। পথে দিয়াবাড়ির বউ বাজার এলাকায় একটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে তাদের গাড়ি লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি চালায়। পরবর্তীতে দেহরক্ষী তার সঙ্গে থাকা শটগান থেকে দুর্বৃত্তদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে।

গোয়েন্দা সূত্রের দাবি, আতঙ্ক সৃষ্টি ও ওই ব্যবসায়ীকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এ গুলির ঘটনা ঘটেছে। এদিকে সূত্রের দাবি, বারবার গুলির বিষয়টি সাজানো নাটক বা প্রতিদ্বন্দ্বী পক্ষেরও হতে পারে।

তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, গুলির ঘটনা সকালে ঘটলেও পুলিশকে দুপুরে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা এক রাউন্ড শর্টগানের খোসা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় রোববার দিবাগত রাত পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হবে।

এক প্রশ্নের জবাবে ওসি মোস্তাফিজ বলেন, ঘটনাস্থল ও এর আশপাশের সিসি টিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ছাড়া অন্যান্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সঙ্গে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।