ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দেবে নগদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ দেবে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এ বছর এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। জমা হওয়া রিপোর্টের মধ্য থেকে দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন।
সংগঠনের সদস্যদের ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ড মনোনয়নের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ অক্টোবর ২০২৬।
সংবাদ সম্মেলনে ডিআরইউ-এর সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এই আয়োজন দেশের সাংবাদিকতাকেই এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাবও সাংবাদিকতার ওপর পড়েছে।
ডিআরইউ-এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউ-এর অংশীদার ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এ সেবা। এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে নগদ ডিআরইউ-এর সাথে কাজ করেছে জানিয়ে তিনি দেশীয় এই সেবার নিরলস প্রচেষ্টাকে ধন্যবাদ ও স্বাগত জানান।
নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সাথে থাকতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য এবং ভালো সাংবাদিকতাকে উৎসাহিত করতে নগদ এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছে।
পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্যরা ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগদ প্রথমবারের মতো ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত হয়। এরপর ২০২৩ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো যুক্ত হয়ে দেশের সেরা সাংবাদিকদের পুরস্কৃত করার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে যাচ্ছে।
