logo

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। ছবি: ঢাকা পোস্ট

মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকরা। ‘তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে’- সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের এমন হুঁশিয়ারির প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন চালকরা।

সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ করছে রিকশাচালকরা। অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন গন্তব্যে ফেরা মানুষেরা।

অটোরিকশাচালক সাকিবুল ইসলাম বলেন, সড়কে আমাদের গাড়ি চলার দাবি নিয়েই আমরা অবরোধ করছি। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়। পরে আমরা গাড়ি আনতে গেলে ফেরত দেওয়া হয় না। আজ-কালের কথা বলে ঘোরানো হয়।

তিনি আরও বলেন, আমাদের পেটে যদি ভাত না থাকে, তবে পরিবারে অশান্তি নেমে আসে। বউ, সন্তান ও মা-বাবাকে নিয়ে বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি আটকে রাখায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

সুমন নামের আরেক অটোরিকশাচালক বলেন, সড়কেই আমাদের গাড়ি চলতে দিতে হবে। আমাদের পুরো শহরে গাড়ি চালানোর প্রয়োজন নেই, আমাদের জন্য নির্ধারিত সড়কে চলাচল করতে দেওয়া হোক।