logo

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি
অ্যাটর্নি জেনারেল কার্যালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

পরে শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটি পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু তারা পালিয়ে যায়।

এদিকে এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে অ‍্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।

ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পুলিশকে জানানো হয়েছে।