পাকস্থলিতে ইয়াবা পাচার, দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ এলাকায় পাকস্থলীর ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করে পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তাদের পাকস্থলী থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন দোয়েল চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে পাকস্থলীর ভেতর থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিশেষ কৌশলে ইয়াবাগুলো গিলে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতেন। পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবা বের করে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ ও বিক্রি করতেন।
পুলিশ বলছে, এ ধরনের কৌশল ব্যবহার করে মাদক পাচার সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখা যাচ্ছে। তাই গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





