logo

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের মূলহোতা গ্রেপ্তার

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণের মূলহোতা গ্রেপ্তার
আবুল হায়াদ দীপু। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত মূলহোতা আবুল হায়াদ দীপু (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির স্পেশাল টিমের সহযোগিতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গত ২০ অক্টোবর দুপুর পৌনে ২টার দিকে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের পূর্ব পাশের সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ওই ঘটনার পর রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপুকে শনাক্ত করে পুলিশ। পরে তার অবস্থান শনাক্ত করে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল হায়াদ দীপুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।