logo
Advertisement

পারিবারিক দ্বন্দ্বে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন প্রবাসীর, দগ্ধ ৫

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
পারিবারিক দ্বন্দ্বে নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন প্রবাসীর, দগ্ধ ৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: স্টার নিউজ

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পারিবারিক কলহের জেরে ইমন সিদ্দিক নামের এক প্রবাসী নিজ কক্ষে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ ৫ জন আহত হন।

দগ্ধরা হলেন, সিদ্দিক (৩৫), ইমন (২৫), রাজিব(৩৫), তানিয়া (১৮) ও ধলু মিয়া (৩৪)। দগ্ধ পাঁচজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধদের নিয়ে আসা সিদ্দিকের ভাগিনা আল-মামুন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সূত্রাপুরে শ্যামবাজারের ১৫/১ নং বাসায় মো. ইমন সিদ্দিক পারিবারিক কলহে জেরে নিজ রুমে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেন। এতে নিজেসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের নিয়ে এসেছি।

তিনি আরও জানান, দগ্ধ মো. সিদ্দিক সাবেক কাউন্সিলর, ছেলে ইমন সিদ্দিক সৌদি প্রবাসী।

এদিকে, মো. আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তার জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। তানিয়া ময়লা পানি পরিষ্কার করতে বললে সুলতানা বিষয়টি সৌদি আরব অবস্থানরত তার ভাই ইমনকে জানান। খবর পেয়ে ইমন শুক্রবারই দেশে ফিরে আসেন।

তিনি আরও জানান, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার উদ্দেশে হুমকি দিয়ে বলেন, ‘আমিও মরব, তোদেরকেও মারব’। এ কথা বলেই তিনি নিজ কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কক্ষে থাকা সবাই দগ্ধ হন, পরে তাদের দ্রুত উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ বলেন, সূত্রাপুর শ্যামবাজার থেকে আমাদের এখানে পাঁচজন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে সিদ্দিকের ৩৫ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, ইমনের ৯০ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ ও দুলু মিয়া আরিফের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্বাসনালিতে দগ্ধ রয়েছে।