‘গ্রন্থিক ও এবং বই’য়ের বর্ষাকালীন বইমেলা

বইপ্রেমীদের জন্য প্রথমবারের মতো সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান গ্রন্থিক ও বইবিষয়ক পত্রিকা এবং বই যৌথভাবে আয়োজন করেছে দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলা।
১০ ও ১১ জুলাই বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার রাপা প্লাজার পঞ্চমতলায় বাহারি আহারে এই বইমেলা অনুষ্ঠিত হবে।
মেলায় গ্রন্থিক প্রকাশনের নিজস্ব বই ছাড়াও থাকছে দেশের প্রায় ১৫টি প্রকাশনীর বই। এ ছাড়া দুই দিনই মেলায় দেশের গুরুত্বপূর্ণ কবি ও লেখকরা উপস্থিত থাকবেন। পাঠকদের সঙ্গে আড্ডা দেবেন।
আয়োজক প্রতিষ্ঠান গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, ‘প্রথমবারের মতো ‘এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে’ স্লোগানকে সামনে রেখে বর্ষাকালীন বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি। রাজধানীর আরও কয়েকটি স্থানে বইমেলা করার পরিকল্পনায় রয়েছে আমাদের। ঢাকার বইপ্রেমীদের মেলায় আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’
এবং বই সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, ‘বছরব্যাপী বই নিয়ে নানা উদ্যোগের অংশ হিসেবে গ্রন্থিক ও এবং বই যৌথভাবে বর্ষাকালীন বইমেলার আয়োজন করছে। আশা করি, বইপ্রেমিদের সক্রিয় অংশগ্রহণে সফল হয়ে উঠবে এই আয়োজন।’





