অভিনেত্রী রিধিকার মৃত্যু, ভিডিও কলে থাকা সেই প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রিধিকার প্রেমিক হাসিবুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, রিধিকার আত্মহত্যার খবর পেয়ে হাসিবুর ঘটনাস্থলে আসেন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরার নিজ ফ্ল্যাট থেকে রিধিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মৃত্যুর আগে রিধিকার সঙ্গে প্রেমিক হাসিবুরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসিবুরকে ভিডিও কলে রেখেই রিধিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


