logo
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন

৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র, ভেন্টিলেশনে একজন

৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে ছাড়পত্র, ভেন্টিলেশনে একজন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ৫৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ৩৫ জন।

আহতদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় ভেন্টিলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর জরুরি চিকিৎসার জন্য মোট ৮৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ৫৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৩৫ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, ভর্তি থাকা শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করছেন।