logo

ঢাকার আবাসিক এলাকায় অস্ত্রধারীদের অবস্থান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকার আবাসিক এলাকায় অস্ত্রধারীদের অবস্থান, পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
আটককৃতরা। ছবি: ডিএমপি সূত্রে পাওয়া

রাজধানীর পল্লবীর একটি নাইন এমএম বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ মো. জনি (২৮) ও মো. পারভেজ (৩১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। এ সময় বাবু নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি ডিবি মিরপুর বিভাগের বরাত দিয়ে জানান, সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল জানতে পারে, পল্লবী থানাধীন বাউনিয়াবাদ আবাসিক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে জনি ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাবু নামে অপর একজন দৌড়ে পালিয়ে যায়।

অভিযানের পর জনির দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পেছনের কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনে ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ছিল।

অপরদিকে পারভেজের পরনের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এতে KF 7.65-এর তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

ডিসি আকতার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দাবি করেছে, পলাতক বাবুর হেফাজতে আরও একটি অস্ত্র ছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের সঙ্গে জড়িত ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এরই ধারাবাহিকতায় অস্ত্রসহ তারা ওই এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ডিএমপির পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে পলাতক বাবুকে গ্রেপ্তার এবং তার হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারে ডিবি মিরপুর বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।