logo

দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাস ছাড়বে চুনকুটিয়া থেকে, অস্থায়ী টার্মিনাল উদ্বোধন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাস ছাড়বে চুনকুটিয়া থেকে, অস্থায়ী টার্মিনাল উদ্বোধন
কেরানীগঞ্জের চুনকুটিয়ায় ঝিলমিল প্রকল্পে বাস টার্মিনালের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। ছবি : ডিএমপি

রাজধানীর যানজট কমাতে দক্ষিণবঙ্গের ১৯টি জেলার বাস চলাচলের জন্য ঢাকার বাইরে অস্থায়ী বাস টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টার্মিনালটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে এই টার্মিনাল থেকে দক্ষিণবঙ্গের ১৯টি জেলায় বাস চলাচল শুরু হবে। এতে রাজধানীর ভেতরে দূরপাল্লার বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। গত ২৪ মার্চ, ১৪ মে, ১৫ জুন ও ২৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টদের আশা, নতুন এই টার্মিনাল চালু হলে রাজধানীর সড়কে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে। একই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

রাজধানীর যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছে ডিএমপি। জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।