ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে সরকারি-বিরোধী দল এক মঞ্চে

ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধানে এক মঞ্চে দাঁড়িয়েছেন সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতারা। বুধবার (১ জুলাই) সকালে মিরপুর ও শেওড়াপাড়ার চারটি স্থানে পৃথক মতবিনিময় সভায় এই ব্যতিক্রমী উদ্যোগ দেখা যায়। সভায় এলাকার তীব্র পানি ও গ্যাস সংকট নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার সকাল ৯টায় পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে নেতারা পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় (৪ নম্বর ওয়ার্ড) এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা সরজমিনে পরিদর্শন করেন। তারা স্থানীয় জনগণের কাছ থেকে পানি সংকট, গ্যাস সমস্যা, ডেঙ্গু পরিস্থিতি ও পশ্চিম শেওড়াপাড়া খালের অবৈধ দখল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে আমার কথা শুনেছেন এবং রেখেছেন। এরই আলোকে আজ ইতিহাসে প্রথমবারের মতো সরকারি দল ও বিরোধী দল আমরা একত্রে এলাকার সমস্যা সমাধানে মিলিত হয়েছি এবং জনগণের সহায়তায় আমরা সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।
এলাকার সংকটের কথা তুলে ধরে জামায়াতের আমির আরও বলেন, এলাকায় তীব্র পানির সংকট রয়েছে, গ্যাসের সমস্যা ও কিশোর গ্যাংয়ের সমস্যাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তবে এই সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী এবং সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না। এই সমস্যা সমাধানে সরকারি দল ও বিরোধী দল মিলে জনগণের সহায়তায় সমাধান করা হবে। জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনোদিনও এই সমস্যা সমাধান করা যাবে না।
এলাকার প্রতিটি নাগরিককে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। একই সাথে, এই জনকল্যাণমুখী মতবিনিময় সভা আয়োজনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিরোধীদলীয় নেতা।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তারা ডিএনসিসির পুরো টিমকে নিয়ে জনগণের অভাব ও অভিযোগ শুনতে এসেছেন। অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে ঢাকা-১৫ আসনের সকল সমস্যা সমাধান করা হবে এবং সরকারি ও বিরোধী দল মিলে উন্নত ঢাকা গড়ে তুলবে।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিয়মিত কাজ করছে। ঢাকা-১৫ আসনের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন উল্লেখ করে তিনি ডেঙ্গু ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার দীর্ঘদিনের পানির সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে পাঁচটি পানির পাম্প নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাম্পগুলোর জন্য দ্রুত স্থান নির্ধারণ করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান নেতারা।
এই প্রকল্প বাস্তবায়নে বিরোধীদলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ডিএনসিসি প্রশাসক প্রত্যেকে তাদের নিজস্ব তহবিল থেকে ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






