রাজধানীতে অপহৃত শিশুকে শরীয়তপুর থেকে উদ্ধার, নারী গ্রেপ্তার

রাজধানীর কাফরুলের পূর্ব শেওড়াপাড়া এলাকায় খেলতে বের হয়ে নিখোঁজ হওয়ার প্রায় দুই দিন পর সাত বছর বয়সী শিশু নুসরাত জাহানকে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানার এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে যুথী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারের সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হালকা রক্তাক্ত ও ফোলা জখমের চিহ্ন দেখতে পান পুলিশ সদস্যরা। উদ্ধার হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর বিকেল প্রায় ৪টা ১০ মিনিটে পূর্ব শেওড়াপাড়ায় নিজ বাসা থেকে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়ে নুসরাত জাহান বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পায়নি। পরে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নুসরাতের স্বজনরা। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে।
ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার একটি গলির পাকা রাস্তা দিয়ে কালো পোশাক পরা এক নারী নুসরাতকে জোর করে অন্যত্র নিয়ে যাচ্ছে। ফুটেজ দেখে বোঝা যায় শিশুকে অপহরণ করা হয়।
এরপর শিশুটির মা কাফরুল থানায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর কাফরুল থানা পুলিশের একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ, বিভিন্ন প্রযুক্তিগত তথ্য এবং বিশ্বস্ত গোপন সূত্রের সহায়তায় অপহরণকারীর অবস্থান জানতে পারে।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুথী আক্তার শিশুটিকে নিয়ে শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানার এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে যুথী আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকেই নুসরাত জাহানকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুথী আক্তারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। তবে তিনি রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের হানিফ মডেল এলাকায় বসবাস করতেন।
ডিসি মো. মোস্তাক সরকার জানান, ঘটনার পেছনের উদ্দেশ্য, অপহরণের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার যুথী আক্তারকে আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



