Advertisement

শিক্ষাঙ্গনে এখনো আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা চলছে: মুনতাছির আহমাদ

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষাঙ্গনে এখনো আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা চলছে: মুনতাছির আহমাদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনে যে সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে ওঠার প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে এখনো অসুস্থ প্রতিযোগিতা ও অস্থিতিশীলতা দেখা যাচ্ছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।

মুনতাছির আহমাদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। কিন্তু এখনো কে কার চেয়ে বেশি সিট দখল করবে বা কার প্রভাব বেশি থাকবে, তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে।

তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উসকানিমূলক আচরণ এবং আধিপত্য বিস্তারের লড়াই জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সরকারি মাদারীপুর কলেজে একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে তাদের এক কর্মীকে মারধরের ঘটনাও তিনি উল্লেখ করেন।

মুনতাছির আহমাদ আরও বলেন, ভিন্নমত দমন বা কথা বলতে না দেওয়ার সংস্কৃতি জুলাই পরবর্তী বাংলাদেশে গ্রহণযোগ্য হতে পারে না। শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সময়কার সিট বাণিজ্য বা চাঁদাবাজির সংস্কৃতির পুনরাবৃত্তিও তারা দেখতে চান না বলে জানান।