চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ হাতিয়ে নিতেন তারা

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে দায়িত্ব পালনকালে পুলিশের একটি দল চলন্ত মোটরসাইকেলের ব্যাগ চুরির চেষ্টা করতে দেখে তিনজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।
ডিএমপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান জীবনযাপন করে মিরপুর-১০ কেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি তাদের চুরির কৌশলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানা এলাকায় নজরদারি বাড়ায়। মঙ্গলবার রাতে অভিযানের সময় চক্রটির সদস্যরা পুনরায় একই ধরনের চুরির চেষ্টা করলে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।