ওজনে কম ও মোড়কে ভিন্ন তথ্য দেওয়ায় নাবিস্কোকে ২ লাখ টাকা জরিমানা

ওজনে কম ও মোড়কে ভিন্ন তথ্য দেওয়ায় দেশের অন্যতম বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড করা হয়।
বিএসটিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানে নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের প্যাকেট পরীক্ষা করা হয়। নিবন্ধন সনদে উল্লেখিত ওজনের সঙ্গে পণ্যের প্রকৃত ওজন মিলিয়ে দেখা হলে একাধিক পণ্যে ঘোষিত ওজনের তুলনায় কম ওজন পাওয়া যায়। একই সঙ্গে পণ্যের মোড়কের সামনের অংশে এক ধরনের ওজন এবং পেছনের অংশে অন্য ধরনের ওজন উল্লেখ করা হয়েছে।
বিএসটিআই বলছে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ভোক্তাদের ভুল ধারণা দেয় এবং এটি প্রচলিত আইন ও ন্যায্য বাণিজ্যিক নীতির পরিপন্থি। তাই ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ধারা ২৪(৪১) অনুযায়ী নাবিস্কোকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা সহায়তা করেন। প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ লিজা (সিএম)। এ ছাড়া পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, বাজারে সঠিক ওজন নিশ্চিত, ভোক্তাদের অধিকার রক্ষা এবং ন্যায্য প্রতিযোগিতামূলক বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কোনো প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কম ওজনের পণ্য বাজারজাত করলে কিংবা মোড়কে বিভ্রান্তিকর তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।
