ঢাকায় সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর কাঁঠানবাগানে ফ্রি স্কুল স্ট্রিটে একটি আবাসিক ভবনে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথে একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। রাতের দিকে কাঁঠানবাগান ফ্রি স্কুল স্ট্রিটের ওই বাসার নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ওই তিনজনই দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধ জুয়েলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে, রানার গ্রামের বাড়ি একই এলাকার সোনা মিয়ার ছেলে ও পারভেজের একই এলাকার মানিক মেয়ের ছেলে।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে জুয়েলের ৩০ শতাংশ দগ্ধ, রানার ৬৩ শতাংশ দগ্ধ ও পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ও জুয়েল ও পারভেজকে অবজারভেশনে রাখা হয়েছে।
হাসপাতালটির পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কাঁঠালবাগান এলাকা থেকে দগ্ধ অবস্থায় আসা তিনজনকে ভর্ত করা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।





