logo

মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার
গ্রেপ্তাররা। ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে দায়িত্বপ্রাপ্ত। এরমধ্যে দুইজন পৌরসভার সাবেক মেয়র এবং একজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সোমবার (১৯ অক্টোবর) ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের বিল্ডিংয়ের পঞ্চম তলা হতে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গ্রেপ্তাররা হলেন, পাবনা ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ (৬১), ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) ও আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।

এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় ভবনটির পঞ্চম তলা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তাররা আওয়ামী লীগের পদধারী নেতা। তারা ঢাকায় অবস্থান করে মোবাইল ফোনে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং সন্ত্রাসী কার্যক্রম ও দলীয় কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।’

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।