বনশ্রীতে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা: বলাৎকারের শিকার আরও চার শিশু

রাজধানীর বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শিহাব হোসেন (১৯)। শিহাব আরও চার জন ছাত্রের সঙ্গে একই কর্মকাণ্ড করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রামপুরা থানা পুলিশ এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) রাত ১০টার সময় রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় মো. আব্দুল্লাহর (১০) গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত আব্দুল্লার মা বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২০ মে) পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থেকে ঘটনায় জড়িত শিহাব হোসেনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে সুরতহাল প্রস্তুতকালে ভুক্তভোগীর পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ পরিলক্ষিত হওয়ায় অফিসারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মো. শিহাব হোসেন (১৯) নামক ছাত্রের বিরুদ্ধে ইতোপূর্বে মাদ্রাসার চারজন ছাত্রের সঙ্গে অস্বাভাবিক যৌনচারে লিপ্ত হওয়ার জানায়।
