Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় আইনের সহিত সংঘাতে জড়িত ছয় শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

ডিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নং-১৪০-এর পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুজন হোসেন (২৬), নাসির (২৫), রবিউল ইসলাম (২০), আরিফুল ইসলাম আকাশ (২১), আলমগীর ইসলাম (২০), বিল্লাল হোসেন (২২), মনিরুজ্জামান শাওন (১৯), তারেক (২০), নাঈম (২০), সৈয়দ লিমন (১৯), ইব্রাহিম (৩৫) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত ছয় শিশু। পুলিশ শিশুদের পরিচয় প্রকাশ করেনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় সমবেত হয়ে মিছিল করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতগুলো তদন্তের স্বার্থে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই মিছিলের আয়োজন করেছিলেন। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পল্লবী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।