তুরাগে মাদক ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার ২

রাজধানীর তুরাগে মাদক ও মাদক বিক্রির টাকাসহ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন লাকি (৪০) ও আব্দুল হামিদ (৫৫)।
শনিবার (১৩ জুন) ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তুরাগের খানটেক হাসুর বটতলার একটি রিকশার গ্যারেজ থেকে শুক্রবার (১২ জুন) রাতে লাকি ও আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির ১ লাখ ৪৪ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।