logo
Advertisement

বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
ফিরোজা বাশার আইডিয়াল কলেজে কথা বলছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার মোহাম্মদপুরের বসিলায়। ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের বসিলা এলাকায় নতুন একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement

শনিবার (২২ আগস্ট) দুপুরে বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে ঢাকার শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে বসিলা এলাকায় একটি নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

সবকিছুই মোটামুটি প্রযুক্তিনির্ভর হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা পুরো একটা নতুন যুগের মুখোমুখি দাঁড়িয়ে আছি। নতুন এআই প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির কারণে অনেক পুরোনো পেশা বিলুপ্ত হয়ে যাবে। আবার নতুন অনেক পেশা ও সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গভর্ন্যান্সবিষয়ক একটি প্রতিযোগিতার ঘোষণাও দেন ববি হাজ্জাজ। ক্লাস এইট থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ১ লাখ টাকার বেশি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারও আছে।